পিএইচপি একটি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা, যা দিয়ে অনেক ওয়েবসাইট ও অনলাইন সেবা পরিচালিত হয়। এ ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিজিডি ই-গভ সিআইআরটি ২২ অক্টোবর ‘PHP2Shell’ নামে পরিচিত ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে। পরবর্তী সময়ে ২৫ অক্টোবরের আরেকটি সতর্কবার্তায় সংস্থাটি জানায়, বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান এখনো ঝুঁকিপূর্ণ ওয়েব ব্যবস্থা ব্যবহার করছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
এ ধরনের দুর্বলতা কাজে লাগাতে পারলে আক্রমণকারী অনুমতি ছাড়াই কোনো ঝুঁকিপূর্ণ সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এর ফলে অননুমোদিত প্রবেশ, তথ্য ফাঁস, সার্ভারের নিয়ন্ত্রণ হারানো কিংবা অনলাইন সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে কোনো ওয়েবসাইটে পুরোনো পিএইচপি সংস্করণ পাওয়া গেলেই সেটি হ্যাক হয়েছে, এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। প্রকৃত ঝুঁকি নির্ভর করে ব্যবহৃত সংস্করণ, নিরাপত্তা হালনাগাদ, সার্ভারের কনফিগারেশন এবং অন্যান্য সুরক্ষাব্যবস্থার ওপর।
এই বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ২২ অক্টোবর থেকে বন্ধ থাকার পর ২৫ অক্টোবর সকাল ৮টার দিকে আবার সচল হয় বলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। অর্থাৎ ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিজেই সাইবার হামলা সফল হওয়ার প্রমাণ নয়।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।